গাজীপুরে র্যাবের সন্ত্রাসবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার
গাজীপুরে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে র্যাব-১ এর বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে লুণ্ঠিত দুটি ম্যাগাজিন ও ৪৫ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থানরত আবু হানিফ ওরফে আবুল (৩২) এবং মো. শাকিব (২৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং শ্রীপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে লুণ্ঠিত ৭.৬২ মি.মি. এসএমজি টি-৫৬ (চায়না) অস্ত্রের সরকারি দুটি ম্যাগাজিন, ৪৫ রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গাজীপুর ও আশপাশের এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
