প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, শাহবাগে সাউন্ড গ্রেনেড
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষকরা জানান, তারা জাতীয় শহীদ মিনার থেকে ‘কলম সমর্পণ’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন। এসময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষকরা অভিযোগ করেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে, এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
ঘটনার পর আন্দোলনকারীরা পুনরায় শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। সকাল থেকে সেখানে শতাধিক শিক্ষক অবস্থান করছেন বলে জানা গেছে।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বলেন, “পুলিশের হামলায় শাহবাগে আমাদের বহু শিক্ষক আহত হয়েছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন আচরণ অগ্রহণযোগ্য।”
তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার কোনো তথ্য আমরা পাইনি।”
আন্দোলনরত শিক্ষকরা জানান, দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন, টাইম স্কেল চালু ও পদোন্নতির নিয়ম সংশোধনের দাবিতেই তারা টানা আন্দোলনে আছেন।
এদিকে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের একটি দল শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। বিকেল আনুমানিক তিনটার সময় কিছু আন্দোলনকারী কলম সমর্পণের নামে শাহবাগ থানার সামনে জড়ো হয়। আনুমানিক ৪টার সময় আন্দোলনকারীদের মধ্য থেকে একটা দল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশের নির্দেশনা অমান্যকারীদের ছত্রভঙ্গ করতে পরবর্তীতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হলেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বর্ণিত এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সকলকে পুনরায় অনুরোধ করা হলো।
