তফসিলের আগে টানটান প্রস্তুতি, ১৬ হাজার কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জোর প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে। তফসিল ঘোষণার আর এক মাস বাকি থাকতেই মাঠপর্যায়ের নিরাপত্তা পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক ঝুঁকি মূল্যায়ন, প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া ও ভোটার উদ্বুদ্ধকরণকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সংস্থা এখন সর্বোচ্চ কর্মব্যস্ততা নিয়ে কাজ করছে। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এবার প্রস্তাবিত প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ১৬ হাজার ‘অতি ঝুঁকিপূর্ণ’ হতে পারে—যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইসির ধারণাপত্র অনুযায়ী, আগের মূল্যায়নে ৪২ হাজার ভোটকেন্দ্রের তালিকায় ৮,২২৬টি অধিক ঝুঁকিপূর্ণ, ২০,৪৩৭টি ঝুঁকিপূর্ণ এবং ১৩,৪০০টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবার কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২,৭৬১টি। এর মধ্যে উল্লেখযোগ্য অংশকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় রাখা হয়েছে।
ভোটকেন্দ্রের অবস্থান, থানা বা নিরাপত্তা স্থাপনা থেকে দূরত্ব, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, পূর্বের সংঘাত-সহিংসতার ইতিহাস, সীমান্তবর্তী এলাকা, সংখ্যালঘু সম্প্রদায়ঘন অঞ্চল ও দুর্গম পার্বত্য এলাকার বৈশিষ্ট্য বিবেচনায় এসব কেন্দ্রকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
এ ছাড়া, নিরাপত্তা মূল্যায়নের ক্ষেত্রে কেন্দ্রের ভৌত অবকাঠামো, ভোটার চাপ, প্রার্থীর শক্তিমত্তা, প্রতিদ্বন্দ্বিতার মাত্রা এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঝুঁকিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসির একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে নির্বাচনের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ের নিরাপত্তা কৌশল প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে মাঠে নিরাপত্তা বাহিনীর মোতায়েন, কেন্দ্রভিত্তিক সংখ্যা ও দায়িত্ব বণ্টনের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেছে। ভোটের আগে ও পরে আট দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকতে পারে বলে বৈঠকে প্রস্তাব এসেছে।
ইসির দাবি, আগাম প্রস্তুতি নেওয়া হলে ভোটের দিন বাহিনীর গতিশীলতা নিশ্চিত হবে এবং সম্ভাব্য ঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, চূড়ান্ত ম্যাপিং এখনও হয়নি। হাতে আরেকটু সময় আছে। কমিশন সভায় বসে চূড়ান্ত করা হবে।
*মাঠে থাকবে ৭ লাখের বেশি নিরাপত্তা সদস্য*
সবশেষ আলোচনায় জানানো হয়েছে, এবারের নির্বাচনে প্রায় ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে শুধু আনসার-ভিডিপি সদস্য থাকবেন সাড়ে ৫ লাখের মতো। পুলিশ সদস্য থাকবেন প্রায় ১ লাখ ৪১ হাজার।
এর বাইরে সশস্ত্রবাহিনীর সদস্য থাকবেন ৯০ হাজারের বেশি। নৌবাহিনী ৩ হাজার এবং বিমানবাহিনী ১,৫০০ সদস্য নিয়ে নির্বাচনি দায়িত্বে থাকবে। পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ হেলিপ্যাড প্রস্তুত থাকবে, যাতে নির্বাচনি মালামাল ও কর্মকর্তাদের পরিবহনে কোনো জটিলতা না হয়। জরুরি প্রয়োজনে আর্মি এভিয়েশন ও পরিবহন বিমানও প্রস্তুত থাকবে বলে জানানো হয়।
এ ছাড়া, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবির ১১,০৬০ প্লাটুন মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্লাটুনে ২৫ থেকে ৩০ জন সদস্য থাকবেন।
র্যাব মোবাইল টিম হিসেবে কাজ করবে এবং তাদের ড্রোন, হেলিকপ্টারসহ প্রযুক্তিগত রিসোর্স ব্যবহার করা হবে।
*বডি ক্যাম–সিসিটিভি’ নজরদারি জোরদার*
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সহিংসতা বা গোলযোগ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়াতে বেশ কিছু অতিরিক্ত উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় নজরদারি বাড়ানো এবং প্রতিটি কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনার চেষ্টা চলছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের বডি ক্যাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মাধ্যমে মাঠপর্যায়ে ঘটনার তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে পারবে কমিশন ও নিরাপত্তা সংস্থাগুলো।
*রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি*
নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত, নতুন রাজনৈতিক দল এনসিপিসহ নিবন্ধিত বিভিন্ন দল ইতোমধ্যে প্রার্থী মনোনয়ন এবং মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করেছে। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ এ নির্বাচনের বাইরে থাকলেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র ও জোট মনোনীত প্রার্থীদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা অর্ধশতাধিক। সক্রিয় দলগুলোর প্রার্থীরা বিভিন্ন আসনে সক্রিয় যোগাযোগ, দফায় দফায় সভা–সমাবেশ ও মাঠপর্যায়ের প্রচারণা জোরদার করছেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ভোটারদের উদ্বুদ্ধ করতে ইতোমধ্যেই প্রচারাভিযান শুরু হয়েছে।
ইসির সচিব আখতার আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ৩০০টি সংসদীয় আসনে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১টি। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি বুথ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।
ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ হবে ভোটের অন্তত ২৫ দিন আগে।
*মাঠপর্যায়ে সমন্বয়*
২০ অক্টোবর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ইসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। ভোটের দিন কেন্দ্রের ভেতর বাইরে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাসদস্যরা দায়িত্বে থাকবেন।
সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে আরেক দফা বৈঠক করে মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করার কথা রয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে।
*ইসির উদ্বেগ–গুজব ও সহিংসতা*
নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগকে ঘিরে গুজব, বিভ্রান্তি ছড়ানোসহ নানা প্রতিবন্ধকতা সামনে আসতে পারে বলে ইসির শঙ্কা রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর প্রচারণা, অপপ্রচার, সহিংসতার চেষ্টা রুখতে কঠোর ভূমিকায় থাকবে সাইবার ইউনিট ও নিরাপত্তা সংস্থাগুলো।
তফসিল ঘোষণার আগে থেকেই মাঠে টানটান প্রস্তুতি। ঝুঁকিপূর্ণ ১৬ হাজারের বেশি কেন্দ্র ঘিরে বাড়তি সতর্কতা। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা মোতায়েনে সব বাহিনীর সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর নজরদারি নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।
