বিমানবন্দরে ৭৬১ গ্রাম সোনা সহ দুইজন গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) সোনা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তারা হলেন, মো. কবির হোসেন (৫৩), যিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত এবং কুদ্দুছ (৪১)।
এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমণ ১ নং টার্মিনালের ৩ নং গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছের হাতে একটি ছোট হাতব্যাগ তুলে দেন। ঘটনাটি উপস্থিত যাত্রীদের নজরে আসলে সন্দেহ সৃষ্টি হয় এবং গোলযোগের একপর্যায়ে এপিবিএন সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
তল্লাশিকালে তাদের কাছে থাকা তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভেতর থেকে ৪টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ মোট ৭৬১ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব স্বর্ণ বিদেশ থেকে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে বিমানবন্দর ব্যবহার করা হতো।
এপিবিএন জানায়, আটককৃত দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিলেন।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩ এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে নজরদারি চালিয়ে যাচ্ছি। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
