টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মী দগ্ধ
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট এলাকায় একটি রাসায়নিকের গুদামে বড় ধরনের আগুন লেগেছে। সোমবার বিকেলের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারকর্মী দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকাল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আহতরা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা (৪০), জয় হাসান (২৪), শামীম আহমেদ (৪২) এবং অফিসার খন্দকার জান্নাতুল নাঈম (৩৮)। তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ‘চিকিৎসা শুরু করা হয়েছে। কতটুকু দগ্ধ হয়েছেন তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।’
আগুনের প্রকৃত কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
