এনবিআরে বড় রদবদল: ১৮২ জনের দপ্তর বদল
সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের পৃথক আদেশে কর বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জারি করা আদেশে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং একজন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন এনবিআর-এর দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) তানভীর আহম্মেদ।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পাঠানো আরেক আদেশে বলা হয়েছে, কর অঞ্চল-১৬-তে কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় তিনি অবসরজনিত সব সুবিধা পাবেন।
অন্যদিকে গাজীপুর কর অঞ্চলে কর্মরত কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারার আওতায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাময়িক বরখাস্তের পাশাপাশি তাকে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
