উপজেলা ভোটে ১৪১ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ
উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটে ১৪১ জন বিচারিক ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তারা সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।
সোমবার ২৯ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির আইন শাখার মো. আব্দুছ সালাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার ক্ষমতাবলে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনী অপরাধগুলো আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ৫৯ জেলার ১৪১ উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ ০৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য ১৪১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী/ স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। তাদের সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। এছাড়া তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আদালত পরিচালনার জন্য দুইজন সশস্ত্র পুলিশের সহায়তা দেবেন সংশ্লিষ্ট পুলিশ সুপার।
নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান জানান, নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশনার আলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় হতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
