মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
রাস্তা পারাপারের সময় রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৯ বছর। দুর্ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১১টায় মৃত ঘোষণা করেন।
অজ্ঞাত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হাসান বলেন, সকাল ৯টার দিকে মগবাজার রেলক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।
