৪ মে থেকে বাড়তি ভাড়ায় ট্রেন যাত্রা
আগামী ৪ মে থেকে বাড়তি ভাড়ায় ট্রেন যাত্রা করতে হবে যাত্রীদের। রেয়াতি সুবিধা প্রত্যাহার হওয়ার কারণে এ ভাড়া বাড়ছে। ট্রেনের যাত্রীদের ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে ভাড়ার ক্ষেত্রে ছাড় (রেয়াত) দিতো বাংলাদেশ রেলওয়ে।
জানা গেছে, ৩৪ বছর পর প্রত্যাহার হচ্ছে ট্রেনের ভাড়ার বিদ্যমান রেয়াতি সুবিধা। এ জন্য বুধবার ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া রেলের অগ্রিম টিকিট বিক্রিতে (১১ দিন পূর্বে) নতুন এ সিদ্ধান্তটি কার্যকর হবে।
সর্বশেষ ১৯ মার্চ রেলভবনের মার্কেটিং শাখার উপ-পরিচালক (মার্কেটিং) মো. মহববতজান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে গত ১ এপ্রিল থেকে রেয়াত রহিত/প্রত্যাহার পূর্বক নতুন ভাড়া কার্যকর করতে বাণিজ্যিক বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছিল। ঈদের আগে ট্রেন ভাড়া বাড়লে যাত্রী অসন্তোষের কথা বিবেচনা করে সিদ্ধান্তটি স্থগিত করা হয়।
হিসাব অনুযায়ী, ১০১-২৫০ কিলোমিটার ভ্রমণে ২০ শতাংশ, ২৫১-৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫ শতাংশ এবং ৪০১ কিলোমিটারের বেশি যেকোনো পরিমাণ দূরত্বের জন্য রেয়াতি সুবিধা ছিল ৩০ শতাংশ। নতুন নিয়মে আন্তঃনগর ট্রেনগুলোর অতিরিক্ত সংযোজিত কোচ ও আবেদনের প্রেক্ষিতে রিজার্ভ টিকিটে নন-এসিতে স্বাভাবিক ভাড়ার ২০ শতাংশ এবং এসি টিকিটে ৩০ শতাংশ বাড়তি ভাড়া যুক্ত হচ্ছে।
রেলের অপারেশন বিভাগের তথ্যমতে, রেলওয়ের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ার পর এরই মধ্যে টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান সহজ (জেভি) সারা দেশে ১ হাজার ৩৪টি স্টেশন-টু-স্টেশন রেল ভাড়ার রেয়াতি সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করে রেলওয়ের বাণিজ্যিক বিভাগের মাধ্যমে অনুমোদন নিয়েছে। সোমবার ২২ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আগামী ৪ এপ্রিল থেকে ১৯৯২ সালে জারি হওয়া রেয়াতি সুবিধা প্রত্যাহারের ঘোষণা দেয়।
