সংরক্ষিত মহিলা আসনে জাপার এমপি হচ্ছেন যারা
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। দলটির হয়ে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগম (ঠাকুরগাঁও)। বৃহস্পতিবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির সংসদীয় বোর্ড তাদের মনোনয়ন প্রদান করেছে।
দ্বাদশ জাতীয় সংসদে আসন অনুপাতে এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৮টি ও জাপা দুটি আসন পাবে। এর আগে গত বুধবার আওয়ামী লীগ তাদের মনোনীত মহিলা আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করে। জাপা নেত্রী সালমা ইসলাম একাদশ সংসদেও জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি ছিলেন। একাদশের মতো দ্বাদশ সংসদেও ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
অন্যদিকে জাপার মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার ঠাকুরগাঁও-২ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। তিনি ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতির দায়িত্বেও ছিলেন। এবার সংরক্ষিত আসনে ভোট হবে ১৪ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে।
