৫ দিনের সফরে বাংলাদেশে আসছে চীনের প্রতিনিধি দল
৫ দিনের সফরে বাংলাদেশে আসছে চীনের প্রতিনিধি দল। আগামী ২২-২৬ এপ্রিল চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা এ দেশ সফর করবেন। আজ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয় আরও জানায়, চীনের প্রতিনিধি দল ২২ এপ্রিল দুপুরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন।
২৩ এপ্রিল পানি ভবনে দ্বি-পাক্ষিক সভায় অংশগ্রহণ নেবেন তারা। পরের দিন সিরাজগঞ্জ জেলার হার্ডপয়েন্ট, পাবনা জেলার বেড়া উপজেলায় সেচ প্রকল্প এবং স্পিডবোটে করে পদ্মা-যমুনা নদীর মোহনা পরিদর্শন করবেন তারা।
আগামী ২৫ এপ্রিল সড়কপথে চাঁদপুর জেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও স্পিডবোটে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী পরিদর্শন করবেন। বিভিন্ন কর্মসূচী পালন শেষে ২৬ এপ্রিল প্রতিনিধি দলের সদস্যরা চীনে ফিরে যাবেন।
