তিন দিন গ্যাস থাকবে না উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় আগামী তিন দিন (৬০ ঘণ্টা) বন্ধ থাকবে গ্যাস সরবরাহ ।
১৫ ফেব্রুয়ারি রাত ৮ টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮ টার পর্যন্ত গ্যাস বন্ধ থাকতে পারে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়- পাইপলাইন মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক ভাবে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল।
পিজিসিএল'র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এক দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। ওই কার্যক্রম চলাকালে পিজিসিএল অধীন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, ঈশ্বরদী উপজেলা, বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।
তথ্য অনুযায়ী, কোম্পানির মোট এক লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং এক লাখ ২৮ হাজার ৮৫২টি আবাসিক সংযোগ রয়েছে।
