'এরকম একটা ঘরে হয়তো আমার বন্ধুকে আটকে রাখা হয়েছিল'
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভয়াবহ নির্যাতনকেন্দ্র ‘আয়নাঘর’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই কুখ্যাত টর্চার সেল পরিদর্শন করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে। এবার সেই বিতর্ক আরও উসকে দিলেন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ‘আয়নাঘর’ পরিদর্শনকালীন কয়েকটি ছবি পোস্ট করেন ফারুকী। সঙ্গে লিখেছেন, ‘এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। হয়তো এই ঘরেই সে ভয় আর মৃত্যুর আতঙ্কে কাঁপছিল, কান্নাজড়িত কণ্ঠে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিল।’ এরপর আরও কঠোর ভাষায় লেখেন, ‘এরকম একেকটা ঘরে আমরা সতেরো কোটি মানুষ আটকা ছিলাম ষোলো বছর। গোপনে বলতাম, আল্লাহ, এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও!’
ফারুকী তার পোস্টে অভিযোগ করেন, ‘আমার বন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পরে জানলাম, মানুষরূপী জানোয়ার জিয়াউল আহসানের নির্দেশে তাকে ইনজেকশন দিয়ে মেরে শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়েছিল। যে মানুষটি সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার স্বপ্ন দেখছিল, তাকে নদীর মাছের খাবারে পরিণত করল এই হায়েনার দল!’
এমন বর্বরতার পরও যারা এই শাসনের পক্ষে কথা বলে, তাদের কঠোর ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘এই জানোয়ারদের হয়ে কেউ কথা বলতে এলে আমার মাথায় রক্ত উঠে যায়, আমি আমার কমপোজার ধরে রাখতে পারি না।’
অন্যদিকে, আয়নাঘর পরিদর্শনের সময় ড. ইউনূসের সঙ্গে ছিলেন কয়েকজন উপদেষ্টা, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং কয়েকজন ভুক্তভোগী। সেখানকার ভয়াবহ দৃশ্য দেখে হতবাক ইউনূস বলেন, ‘আওয়ামী লীগ শাসনামল ছিল একেবারে আইয়ামে জাহিলিয়াতের যুগ। আয়নাঘরে যা ঘটেছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।’
সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে ‘আয়নাঘর’ ছিল এক দুঃস্বপ্নের নাম। গুম, খুন, এবং অকথ্য নির্যাতনের জন্য পরিচিত এই টর্চার সেলে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে। অনেকেই ফিরে এলেও ছিলেন বিকলাঙ্গ বা মানসিকভাবে বিধ্বস্ত। ড. ইউনূসের পরিদর্শন এবং ফারুকীর বিস্ফোরক পোস্টের পর এই টর্চার সেল নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা আরও তীব্র হয়েছে।
