যমুনা রেলসেতুতে আজ থেকে ট্রেন চলাচল শুরু
যমুনা রেল সেতু
বহু প্রতীক্ষার পর নতুন যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর ফলে যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ট্রেন হিসেবে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস সেতুটি অতিক্রম করবে আজ বেলা সোয়া ১১টার দিকে। ধাপে ধাপে অন্যান্য ট্রেনগুলোরও চলাচল শুরু হবে।
প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ নতুন এই রেলসেতুতে দুটি লাইন থাকলেও শুরুতে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলবে। আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্টে শুরু হওয়া নির্মাণকাজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। পরে এটি বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। জাপানের উন্নয়ন সংস্থা জাইকা প্রকল্পের জন্য ১২ হাজার ১৪৯ কোটি টাকা ঋণ দিয়েছে।
১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু চালু হলেও ২০০৮ সালে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এই দুর্ভোগ কমাতেই নতুন রেলসেতুর নির্মাণ। নতুন সেতুটি উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
