কেএনএফ এর ৯ সদস্য গোলাবারুদসহ গ্রেপ্তার
সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ এর ৯ জন সদস্যকে ৯ টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে। আজ ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আইএসপিআর এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত রোববার বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট, কর্মকর্তাদের মারধরে ঘটনায় জড়িত আটককৃত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) আরও চার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রুমা-থানচির এই ঘটনায় রোববার পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২ এপ্রিল মঙ্গলবার রাতে এবং ৩ এপ্রিল বুধবার দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। পরে অবশ্য ব্যাংক ব্যবস্থাপককে উদ্ধার করা হয়।
