আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ
প্রতীকী ছবি
আজ ঈদ। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদ-উল ফিতর। টানা একমাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন দুনিয়াজুড়ে এই উৎসব পালন করা হয়। চাঁদ মোসের চাঁদ দেখা সাপেক্ষে কোথাও কোথাও একদিন আগেই ঈদ পালনকরা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে এদিন ঈদু উল ফিতরের নামাজে এক কাতারে সামিল হন মুসলিমরা। এরপর পরস্পরে কোলাকুলি, কুশল বিনিময় করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ না পাওয়ার পরই চূড়ান্ত হয় ঈদের দিন। এ কারণে বুধবার সূর্য ডুবতেই ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু হয় সাক্ষাতে, মোবাইলে, এসএমএসে, ফেসবুকে, মেইলে।
আজ সকালে সারাদেশের মুসলমানরা ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। ঈদের কারণে বহুদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে গ্রামে থাকা পরিজনরা উচ্ছ্বাসে ভাসছেন।
নতুন পোশাক পরে ঈদের পুরো দিনই চলবে একে অপরের সঙ্গে কোলাকুলি। বেড়াতে যাবেন একে অপরের বাড়ি, করাবেন মিষ্টিমুখ। ছোটরা নতুন পোশাক পরে বড়দের কাছ থেকে সালামি আদায়ে তৎপর থাকবে সারাদিন।
ঈদের দিনে সারা দেশে বাড়ি বাড়ি সাধ্যমতো উপাদেয় খাবার রান্না করা হবে। বাড়ির ছোট সদস্যদেরই আনন্দ-উদ্দীপনা হবে বেশি। নতুন পোশাকে সেজেগুজে তারা বেড়াতে যাবে আত্মীয়স্বজনের বাড়ি। ঈদের দিনটি যেমন আনন্দের, তেমনি প্রার্থনারও। পুরুষেরা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল-অজু করে দীর্ঘ এক মাস পর দিনের শুরুতে মুখে খাবার তোলেন। তুলবেন। এরপর অংশ নেন ঈদের জামাতে। নামাজ শেষে বুকে বুক মেলাবেন পাশের জনের সঙ্গে। তারপর অনেকেই যাবেন কবরস্থানে, চিরতরে ছেড়ে যাওয়া প্রিয়জনের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়ে বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ঈদ মানে আনন্দ। আসুন, আমরা আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ সব স্তরের মানুষ অংশ নেবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন আবহাওয়া দেশবাসীকে দুর্যোগে না ফেললেও একেবারে ঝামেলাহীনও হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। সেসব জেলায় গরমে কিছুটা ম্লান হতে পারে ঈদ আনন্দ।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিন সরকারি ছুটি চলছে। বুধবার থেকে শুরু হয়েছে ছুটি, আগামী রোববার পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা। ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।
শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে উদযাপন করা হয়েছে ঈদুল ফিতর।
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রেল, সড়ক, ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী এখন অনেকটাই ফাঁকা।
ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হয়েছে। ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়- ‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি।’ জাতীয় কবির কবিতার মতো সবাইকে আনন্দে একাকার করে সুখী-সমৃদ্ধ সমাজ বির্ণিমান হোক- এই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের।
