‘অস্ত্র আসছে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের কাছ থেকে’
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বান্দরবানের সন্ত্রাসীদের কাছে অস্ত্র আসছে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের কাছ থেকে। তিনি বলেন, হামলাকারীদের সঙ্গে আশপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে।
আজ শনিবার চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।
হানাস মাহমুদ বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নেই। প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।
মন্ত্রী বলেন, আমি গণমাধ্যমকে অনুরোধ জানাব, রমজানের সময় বাজার মোটামুটিভাবে স্থিতিশীল আছে এবং কিছু কিছু পণ্যের দামও যে কমেছে সেটিও প্রচার করা দরকার। কোনো পণ্যের দাম বাড়লে গণমাধ্যমে সেটি যেমন প্রচারিত হয়, পণ্যের দাম কমলে সেটিও প্রচার করা দরকার।
ড. হাছান মাহমুদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এবং মজুতদার চেষ্টা করেছিল বাজার অস্থিতিশীল করার এবং সেটির সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক। ঈদকে সামনে রেখেও সবসময় বাংলাদেশে অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হয়। সেটিকেও কঠোর হস্তে দমন করার জন্য আমরা বদ্ধপরিকর।
