বাইরের জীবন এত কঠিন জানলে কারাগারেই থেকে যেতাম
সংবাদ সম্মেলনে জল্লাদ শাহজাহান
৪৪ বছর কারাভোগের পর গত বছর মুক্তি পান শাহজাহান ভূঁইয়া ওরফে জল্লাদ শাহজাহান। তবে, কারাগার থেকে মুক্ত হয়ে আবারও খবরের শিরোনাম তিনি। এবার স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে খবরের শিরোনাম হয়েছেন শাহজাহান। রোববার স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়েরের পর আজ সোমবার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন, কারামুক্ত এই জল্লাদ।
‘যেখানেই যাচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাহজাহান বলেন, ‘আমার থাকার জায়গা নেই, আয়-রোজকার নেই, অর্থের যোগানদাতা নেই। ৪৪ বছর কারাগার থেকে বের হয়ে যেখানেই যাচ্ছি, প্রতারণার খপ্পরে পড়ছি। ৪৪ বছর কারাগারে থেকে বাইরে এসে মনে হচ্ছে বাইরের জীবন এত কঠিন কেন? বাইরের জীবন এত কঠিন জানলে কারাগারেই থেকে যেতাম।’
এ সময় জল্লাদ শাহজাহান তার সদ্য বিবাহিত স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ আনেন। বলেন, ‘গত বছর ২১ ডিসেম্বর আমি বিয়ে করে সর্বশান্ত হয়েছি। বিয়ের কাবিননামা ৫ লাখ টাকা হলেও স্ট্যাম্পে লিখিত দিয়ে ১০ লাখ টাকা নিয়ে আমার স্ত্রী সাথী আক্তার ৫৩ দিনের মাথায় পালিয়ে যায়। তারপর আমার বিরুদ্ধে যৌতুকের মামলা দিলো। আমি থানায় মামলা দিতে গেলে সেখানে স্ত্রীর বিরুদ্ধে মামলা করা যায় না বলে ফিরিয়ে দেয়। পরবর্তীতে আইনজীবীর সহযোগিতার আমি স্ত্রী-শাশুড়ীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করি।'
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ওই তরুণী শাহজাহানের বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনে নালিশি মামলা করেন।
সংবাদ সম্মেলনে জল্লাদ শাহজাহান সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। স্ত্রী ও শাশুড়ির বিচার দাবি করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা অনুদান পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর হত্যাকারী, যুদ্ধাপরাধীসহ নানা অপরাধীদের ফাঁসি দিয়ে দেশের জন্য কাজ করেছি। আমি শেখের বেটির কাছে খাদ্য, বাসস্থান ও জীবনের নিরাপত্তা চাই।’
