ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারের ১০টি ইউনিট
ব্রেকিং
রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা রাত পৌনে ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাত তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই গোডাউনে আগুন লাগার পর দ্রুত এর তীব্রতা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিন্তু তীব্রতা বাড়ায় তাদের সাথে আরও চারটি ইউনিট যোগ দেয়। ভাঙ্গাপ্রেস এলাকার চার তলা ভবনের তিন তলায় এই আগুনের সূত্রপাত।
সংস্থাটির সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের ১০টি ইউনিট কাজ করছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। কাছাকাছি পানি না থাকায় এই বিলম্ব হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
