ওয়ান ইলেভেনের কুশীলবরা ঘাপটি মেরে বসে আছে: পররাষ্ট্রমন্ত্রী
ওয়ান ইলেভেনের কুশীলবরা ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুযোগ পেলে তারা আবারও ছোবল মারবে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের আন্দোলনের ফলেই বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্ত হয়েছেন দাবি করে হাছান মাহমুদ বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সব সময় অগ্রগামী ছিলো আওয়ামী লীগ, এর সুফল বিএনপিও পেয়েছে।
এসময় দেশের ক্লান্তিলগ্নে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অনস্বীকার্য অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিল্লুর রহমান পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা।
জিল্লুর রহমান বাংলাদেশের রাজনীতিতে অনুকরণীয় আদর্শ উল্লেখ করে আলোচকরা বলেন, কীভাবে আত্মত্যাগী হয়ে রাজনীতি করতে হয় এবং ধৈর্য্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়, তার বড় দৃষ্টান্ত তৈরি করেছিলেন জিল্লুর রহমান। তাঁর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের রাজনীতিবিদদের এগিয়ে চলার পরামর্শ দেন বক্তারা।
