প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই মাহফুজ আলম?
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ আলম। এরপর থেকেই নানা মহলে তাকে নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। কে এই মাহফুজ? কি তার পরিচয়? তার রাজনৈতিক দর্শনইবা কি? বলা হচ্ছে, পর্দার পেছনে থাকা এই মাহফুজ আলম-ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড।
জানা যায়, ২৮ আগস্ট বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের বিষয়টি জানায়। তবে আন্দোলনের সময় আলোচনায় না থাকলেও হঠাৎই এতো বড় পদে পদয়ান করার বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
মাহফুজ আলমকে কেন্দ্র করে বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন ফেসবুক পোস্টে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে তান নামই ওঠে আসছে। কেউবা বলেছেন, সমন্বয়কদের সমন্বয়ক, আবার কারও মতে সমন্বয়কদের তাত্ত্বিক গুরু তিনিই।
মাহফুজ আলম লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামের ছেলে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তার সেশন ২০১৫-১৬। ক্যাম্পাসে তার পরিচয় ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই আলোচনায় আসেন তিনি। ওই সাক্ষাৎকারে ওঠে আসে গণঅভ্যুত্থানের হাত ধরে নতুন রাজনৈতিক দল তৈরি, রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে সাজানোসহ আরো বেশ কিছু রূপরেখা। তবে তার বক্তব্য মিডিয়াতে ভুলভাবে উপস্থাপিত হয়। এ নিয়ে আবারও শুরু হয় বিভিন্ন আলোচনা।
তবে বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথম সারির আন্দোলনকারীদের অনেকেই তার নেতৃত্বের ছায়াতলে ছিলেন। তবে আড়ালে থেকেই আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি।
অনলাইনে বহু পোস্টে নেটিজেনরা বলছেন, ছয় সমন্বয়কদের ডিবিতে আটকের পরও আন্দোলন থামেনি, বরং সামনে এগিয়েছে। একের পর এক কর্মসূচি হঠাৎ করেই এসেছে এবং সফল হয়েছে। নেতৃস্থানীয় কেউ না থাকার পরও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনের কারিগর এই মাহফুজ আলম। নিজে সামনে না থেকেও সামনের মানুষদের আরও এগিয়ে যাওয়ার মন্ত্রণা জুগিয়েছেন তিনি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই মাস্টারমাইন্ডকে হন্যে হয়ে খুঁজলেও তিনি ছিলেন ধরা-ছোঁয়ার একবারেই বাইরে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনে বেশ চুপচাপ মাহফুজ। কখনোই আলোচনায় আসার মতো কোনও কাজ তিনি করেননি। তবে পেছন থেকেই সামনে এগিয়ে দিয়েছেন সামনের সারির মানুষদের। ছাত্ররা মনে করেন, বিচক্ষণতা, দূরদর্শিতা ও বুদ্ধিদীপ্ততার কারণেই ড. ইউনূস খুঁজে নিয়েছেন এই তরুণকে।
