বাংলাদেশে এসেছেন সুইডেনের রাজকুমারী
চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের রাজকন্যা ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া । জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে দেশের কয়েকটি গুরত্বপূর্ণ জায়গা পরিদর্শন করবেন তিনি।
সোমবার সকাল সোয়া ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাজকন্যা ।এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এবং সুইডেনে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত ও ঢাকায় ইউএনডিপির প্রধান।
রাজকন্যার সফরসঙ্গী হিসেবে এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের।
২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর বাংলাদেশে এটিই প্রিন্সেস ভিক্টোরিয়ার প্রথম সফর। এর আগে ২০০৫ সালে তিনি বাংংলাদেশ সফরে এসেছিলেন।
এ সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের এবং খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। বৈঠকের কথা রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ।
ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিন্সেস ভিক্টোরিয়া এবং তার সফরসঙ্গীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
