অসহযোগ আন্দোলন: আগামী ২ দিনের কর্মসূচি ঘোষণা
সরকার পতনের এক দফা দাবি নিয়ে দেশব্যাপী যে অসহযোগ আন্দোলন চলছে তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার মধ্যেই একসঙ্গে ৫ আগস্ট ও ৬ আগস্টের কর্মসূচি ঘোষণা করলেন শিক্ষার্থীরা।
রোববার এক ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ওই কর্মসূচির নির্দেশনা দেন। ওই পোস্টে তিনি বলেন, আগামীকাল ৫ আগস্ট সারা দেশে নিহত শহীদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এদিন ঢাকার শহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ। বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি। পরদিন ৬ অগাস্ট ‘লংমার্চ টু ঢাকা’ এবং শাহবাগে দুপুর ২টায় জমায়েত। এতে সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান তিনি।
এছাড়া সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার ঘোষণা দেয়া হয়েছে। আরও বলা হয়, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে তারপরেও একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে।
