এলপিজি: গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা এড়াতে করণীয়
বর্তমানে দেশে এলপিজি সিলিন্ডারের ব্যবহার বেড়েছে ব্যাপকহারে। সাথে সাথে বাড়ছে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা। সম্প্রতি বেইলি রোডে ঘটে যাওয়া ঘটনা তারই সাক্ষ্য দেয়। যদিও এখনো স্পষ্টভাবে জানা যায়নি কিভাবে ঘটেছে অগ্নিকাণ্ড।
বিস্ফোরণ অধিদফতরের মতে, বাংলাদেশে বর্তমানে ৬০ লাখের বেশি গ্রাহক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। বাজারে সরকারি- বেসরকারি মিলিয়ে মোট ৩০টি কোম্পানির অন্তত দুই কোটি সিলিন্ডার রয়েছে।
এসব সিলিন্ডার কিভাবে ব্যবহার করলে বিস্ফোরণ হবে না। অথবা কোন সিলিন্ডার নিরাপদ অনেকের কাছেই তা অজানা।
বিস্ফোরণ অধিদফতর বলছে, সিলিন্ডারে দুর্ঘটনাগুলো মূলত: গ্যাসের লিকেজ থেকে ঘটে। হোস পাইপ, রেগুলেটর দুর্বলতার কারণে যে কোন সময় গ্যাস লিক হতে পারে। সেই লিকেজ থেকে গ্যাস বেরিয়ে জমতে থাকে। সামান্য আগুন এমনকি স্ফুলিঙ্গের সংস্পর্শে আসার সাথে সাথে এই জমে থাকা গ্যাসে ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ।
এখন প্রশ্ন কিভাবে বিস্ফোরণ থেকে বাঁচার উপায়?
সবার আগে দেখতে হবে সিলিন্ডারের গায়ে মেয়াদ দেয়া আছে কিনা। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না। সেইসঙ্গে কোম্পানির সিল, সেফটি ক্যাপ, পাইপ রাবারের রিং, রেগুলেটর ঠিকভাবে আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে।
বিশেষ করে সিলিন্ডার টানা হেঁচড়া করে, ধাক্কা দিয়ে, মাটিতে গড়ানো যাবে না।
বাংলাদেশের এলপিজি বিধিমালা, সিলিন্ডার বিধিমালা এবং বিস্ফোরণ অধিদফতরের পক্ষ থেকে আরও কিছু সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে।
এলপিজি সিলিন্ডার খাড়াভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। উপুড় বা কাত করে রাখা যাবে না। এমনভাবে রাখতে হবে যেন আশেপাশে কোন কিছুর সাথে ধাক্কা না লাগে।
সিলিন্ডার কোন পাটাতনের ওপরে নয় বরং মাটিতে সমতল পৃষ্ঠে রাখতে হবে এবং চুলা, সিলিন্ডার থেকে কমপক্ষে ছয় ইঞ্চি উপরে রাখতে হবে। সিলিন্ডার কোনভাবেই চুলা বা আগুনের খুব কাছাকাছি রাখা যাবে না। সিলিন্ডারটি লম্বা পাইপের সাহায্যে চুলা থেকে অন্তত তিন ফুট দূরে স্থাপন করতে হবে।
রান্নাঘরের চুলার নিচে, ক্যাবিনেটের ভেতরে কিংবা বদ্ধ অবস্থায় নয় বরং খোলামেলা জায়গায় এবং সমান ভূমিতে রাখতে হবে। যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। তবে সরাসরি সূর্যের নিচে রাখা যাবে না। ছায়াযুক্ত শুষ্ক পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে।
গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যেন চুলা চালু না থাকে।
আগুন, বিদ্যুৎ এবং তাপের যেকোনো রকম উৎস সেইসঙ্গে দাহ্য, প্রজ্বলিত বা বিস্ফোরক পদার্থ এবং ভিন্ন কোন গ্যাসের সিলিন্ডার থেকে এই এলপিজি সিলিন্ডার দূরে রাখতে হবে।
যেখানে সিলিন্ডার রাখা হচ্ছে তার আশেপাশে আগুন জ্বালানো, ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। সিলিন্ডারের ওপরে ভারী বোঝা রাখা যাবে না।
অতিরিক্ত গ্যাস বের করার জন্য এলপিজি সিলিন্ডারে চাপ দেয়া, ঝাঁকানো কিংবা সিলিন্ডার গরম করা থেকে বিরত থাকতে হবে। এতে তরল এলপিজি দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়ে অস্বাভাবিক চাপ বেড়ে বিস্ফোরিত হতে পারে।
