ভাইরাল ভিডিওর তরুণী ছাত্রলীগের নেত্রী নন
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার জেরে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নেতাকর্মীদের রাতে বের করে দেন শিক্ষার্থীরা। এ দৃশ্য ছড়িয়ে পড়ে সারাদেশের ক্যাম্পাসগুলো। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে তাড়িয়ে দেয়ার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একইরকমভাবে ভাইরাল হয়, মুখে স্কচটেপ ও হাত পিছমোড়া বাধা এক তরুণীর ভিডিও। দাবী করা হয়, ভিডিওটি ছাত্রলীগ নেত্রীকে নির্যাতনের ভিডিও। এটি দেখে দেশজুড়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা ঝড় ওঠে। ফলে এ ঘটনার সত্যতা জানার জন্য শিক্ষার্থীর সঙ্গে কথা হয় দ্য নিউজের। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচ বা ২০২১-২২ সেশনের সংগীত বিভাগের শিক্ষার্থী। তার নাম তৃষ্ণা।
তিনি বলেন, আমি কখনোই কোন রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না। এই ভিডিও টিতে আমি অভিনয় করেছি। অবন্তিকা আপুর মৃত্যুর বিচার চেয়ে মোমবাতি প্রজ্বলনের দিন একটি পথ নাটকে অভিনয়ের দৃশ্য এটি। এ ঘটনার পর আমার আত্মীয় ও পরিচিতরা আমাকে ফোন দিয়ে ঘটনা জানতে চেয়েছেন। ওনারাও এটাকে নির্যাতনের ঘটনা ভেবেছিলেন।
গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীর অবস্থা দেখেন এ শিরোনামে পোস্ট করা হয়েছে। এ বিষয়টি নিয়ে আলোচনা আসে জেএনইউ স্টোরিসের ফেসবুক গ্রুপে। সেখানে বলা হয়, আপনাদের গুজবের কারণে মেয়েটা আজ ট্রমার মধ্য দিয়ে জীবন পার করছে। মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন সাধারণ ছাত্রী। এই ভিডিওটি কিছুদিন আগে অবন্তিকা আত্মহ*ত্যার প্রতিবাদ স্বরূপ পথ নাটকের দৃশ্যপট! কিন্তু কিছু মানুষ ভিডিওটিকে বর্তমান আন্দোলনের সময়কার উল্লেখসহ মেয়েটিকে ছাত্রলীগের নেত্রী হিসাবে উপস্থাপন করে ছড়িয়ে দেয় ফেসবুকে যা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।
ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুখে সাদা স্কচটেপ, হাত কাপড়ে পিচমোড়া করে বাঁধা ও পা সাদা কাপড়ে বাধা। কাপড় ছড়িয়ে বসে আছেন এক তরুণী। চোখে চশমা পরিহিত মেয়েটির কিছু বলার ক্ষমতা নেই। তার চাহনি দেখে বোঝা যায় সে অসহায়। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের পাশে। এস্থানে শিক্ষার্থীরা বসে নিয়মিত আড্ডা দিয়ে থাকেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ মার্চ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং এক সহপাঠীর বিরুদ্ধে মামলা হয়। তাদের বিচারসহ আত্মহত্যার আর যেন কেউ মারা না যায় সেজন্য বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে পথ নাটকে অংশ নেয় তৃষ্ণা।
দ্য নিউজ/ এফ এইচ এস/ এন এইচ
