সুবর্ণা ছবি এঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিলেন ১ লাখ টাকা
প্রতিবছর ঈদ এলেই দেশের বিভিন্ন এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা ছবি স্থান পায় প্রধানমন্ত্রীর ঈদকার্ডে। এবার পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয় প্রতিবন্ধী শিশু সুবর্ণা আক্তারের আঁকা প্রাকৃতিক দৃশ্যের একটি ছবি। ছবিটি প্রধানমন্ত্রী পছন্দ করেন। এ জন্য সুবর্ণার নামে এক লাখ টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী।
গতকাল রোববার বিকেলে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেওয়া এই এক লাখ টাকার চেক সুর্বণা ও তাঁর বাবার হাতে তুলে দেন। এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোদা উপজেলা শহরের বাসিন্দা ফল বিক্রেতা সফিউল আলমের মেয়ে সুবর্ণা (১৩)। চার ভাই–বোনের মধ্যে সুবর্ণা তৃতীয়। সে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই হাঁটতে ও কথা বলতে সমস্যা হয় সুবর্ণার। শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেই সে ছবি আঁকে। বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকায় আড়াই শতক জমিতে ভিটেবাড়ি ছাড়া কোনো জমিজায়গা নেই সফিউল আলমের।
চেক পাওয়ার পর তার প্রতিক্রিয়ায় সুবর্ণা আক্তার বলেন, ‘ নদী, গাছপালা, বাড়ি ও বাড়ির পাশে রাস্তার ছবি এঁকে জমা দিয়েছিলাম। সেই ছবির জন্য প্রধানমন্ত্রী আমাকে এক লাখ টাকা দিয়েছেন। আমি খুশি টাকা পেয়ে। আমি তাঁর (প্রধানমন্ত্রীর) জন্য দোয়া করি।’
সুবর্ণার বাবা সফিউল আলম বলেন, ‘আমি গরিব মানুষ। দুই ছেলেকে পড়াশোনা করাতে পারিনি। কিন্তু দুই মেয়ে স্কুলে পড়ছে। এই টাকার জন্য আমার কাছে একবার ফোন এসেছিল। ভেবেছিলাম কেউ হয়তো প্রতারণা করবে। এ জন্য গুরুত্ব দিইনি। পরে ডিসি অফিস থেকে আমাকে ডেকে চেক দিল। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’
