এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯০.৮৭ শতাংশ
সংগৃহীত ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৫২.১২ শতাংশ। এবার বিদেশে ৮ কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিদেশে কেন্দ্রে ফেল করেছে ২১ জন। পাসের হার ৯০.৮৭ শতাংশ। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। আর এবার সামগ্রিক ফলাফলে ১১ বোর্ডে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি।
২০২৫ সালে এ সংখ্যা ছিল ২০২টি। সে হিসেবে শূন্য পাস প্রতিষ্ঠান ৯১টি বেড়েছে। আর শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠানে। ২০২৫ সালে ছিল ৩৪৫টি। শতভাগ পাস প্রতিষ্ঠান কমেছে ২০৬টি।
একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
চলতি বছরের এইচএসসিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। আজ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উদ্বোধনের পরপরই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। তিন উপায়ে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থী।
