কুয়ালালামপুরে সতর্কবার্তা: পাসপোর্ট ছাড়া ধরা পড়লেই আটক করবে ইমিগ্রেশন
মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বিদেশিদেরও অভিযানের সময় পাসপোর্ট বা ভ্রমণ নথি সঙ্গে না থাকলে আটক হতে হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
জেআইএম-এর এনফোর্সমেন্ট শাখার পরিচালক বাসরি ওসমান বলেন, অনেক বিদেশি কর্মী আটক হওয়ার পর অজুহাত দেন যে তাদের “পাসপোর্ট নিয়োগকর্তার কাছে” রয়েছে। কিন্তু এ ধরনের অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি নিয়োগকর্তাদের উদ্দেশে বলেন, “আমার পরামর্শ, কর্মীদের পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র সবসময় তাদের কাছেই রাখুন বা কর্মস্থলের নিকটে রাখুন। এতে হঠাৎ অভিযান হলে কর্মীরা আটক হবেন না এবং কোম্পানির কাজও ব্যাহত হবে না।”
তিনি আরও জানান, যেসব বিদেশি বৈধভাবে কাজ করলেও নথি প্রদর্শন করতে পারবেন না, তাদের ডিটেনশন ডিপোতে নিয়ে যাচাই করা হবে।
বাসরি স্পষ্টভাবে সতর্ক করে বলেন—অবৈধ অভিবাসী (PATI) নিয়োগ বা আশ্রয় দেওয়া মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে গুরুতর অপরাধ। এ ধরনের কাজে জড়িত নিয়োগকর্তা বা যে কোনো স্থানীয়ের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযান ও নজরদারি চলমান থাকবে। তবে এর উদ্দেশ্য ব্যবসায়ীদের হয়রানি করা নয়, বরং জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা।
