বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক বিনিময়
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB), বাংলাদেশ এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MATRADE)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়েছে।
MATRADE এর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো শ্রী মো: মুস্তাফা আবদুল আজিজ এবং EPB এর মহাপরিচালক বেবি রাণী কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই এমওইউর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করা। এর আওতায় ব্যবসায়িক তথ্য আদান-প্রদান, বাণিজ্য উন্নয়নমূলক কর্মসূচি আয়োজন, সফর বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ উভয় দেশের সরকারি ও বাণিজ্যিক খাতের প্রতিনিধিরা সমঝোতা স্মারকের বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিজ বেবি কর্মকার আগামী ১-৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য Sourcing Fair-এ অংশগ্রহণের জন্য MATRADE এর প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন MATRADE এর পরিচালক ম্যাডাম মুনা আবু বকর, সিনিয়র ম্যানেজার ম্যাডাম নোরহারলিজা মো. ইউনুস, ট্রেড কমিশনার (চেন্নাই) ওয়ান আহমদ তারমিজি ওয়ান ইদ্রিস, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট সাব্বির এ খান ও সেক্রেটারি জেনারেল মোতাহার হোসেন খান।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
