৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের পিকআপে আগুন
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
রোববার দুপুর ১২টার দিকে মিরপুর-১১ নম্বরে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মিরপুর-১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকেই মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরে মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও যান চলাচল স্বাভাবিক হয়নি। দুপুর ১২টার দিকে সংঘর্ষ চলার কথা জানিয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার বলেন, “এখনও সংঘর্ষ চলছে। আমরা তাদের ডিসপার্স করছি। বিস্তারিত পরে জানানো হবে।”
এর আগের দিন শনিবারও মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় তাদের আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত হয়।
তার আগের দিন বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে কয়েকশ শ্রমিক সড়কে নামেন। পরে সেখান থেকে সরে গিয়ে পূরবী সিনেমা হলের সামনে মেট্রোরেলের ১১ নম্বর স্টেশন এলাকায় আবারও সড়ক অবরোধ করেন তারা। দুই দফায় প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর বিকালে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে রোববার পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ।
