জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে শিল্পকলার বিশেষ আয়োজন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত বীর যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, “যে জুলাই জাগিয়েছিল সাহসের অগ্নিশিখা, যে জুলাই লিখেছিল মানুষের মুক্তির গান- সেই জুলাই আজও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের স্বপ্নে, আমাদের আগামীতে।” সেই স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত বীর যোদ্ধাদের পরিবারকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডাঃ জাহেদ উর রহমান।
সভায় সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
স্মরণসভার পাশাপাশি থাকবে এক আবেগঘন সাংস্কৃতিক আয়োজন। ‘মুক্তির মন্দির সোপান তলে’ সমবেত যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এরপর বীর শহীদদের স্মৃতিতে পালন করা হবে এক মিনিটের নীরবতা এবং প্রদর্শিত হবে বিশেষ তথ্যচিত্র।
পরবর্তী সাংস্কৃতিক পর্বে মঞ্চ মাতাবে ‘ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস’। কবিতা আবৃত্তি করবেন এনামুল হক জুয়েল, সীমা ইসলাম, ইকবাল আহমেদ, ফারজানা এলি ও টিটো মুনসী। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, পিয়াল হাসান ও ইউসুফ আহমেদ খান। সবশেষে একাডেমির শিল্পীদের সমবেত সংগীতের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের।
