প্রাক্তনের দেওয়া উপহার রেখে দেওয়া কি ঠিক?
সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রাক্তন সঙ্গীর দেওয়া নানা উপহার আমাদের কাছে থেকে যায়। কিন্তু সেই উপহারগুলো রেখে দেওয়া উচিত নাকি ফেলে দেওয়া—তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। বিশেষ করে নতুন সম্পর্কে জড়ানোর পর বর্তমান সঙ্গী বিষয়টি কীভাবে নেবেন, তা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। সাম্প্রতিক গবেষণা ও মনোবিজ্ঞানীদের মতে, প্রাক্তনের উপহার সংরক্ষণের পেছনে নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন মানসিকতা কাজ করে।
উপহার রেখে দেওয়ার প্রবণতা কতটা সাধারণ?
যুক্তরাষ্ট্রের ৮৩ জন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত এক প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ৭১ শতাংশ নারী এবং ৭২ শতাংশ পুরুষ তাদের প্রাক্তনের দেওয়া অন্তত কিছু উপহার এখনো রেখে দিয়েছেন। এসব উপহারের তালিকায় পোশাক ও গয়নার সংখ্যাই সবচেয়ে বেশি।
তবে উপহার সংরক্ষণের কারণের ক্ষেত্রে নারী ও পুরুষের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট পার্থক্য রয়েছে। নারীরা মূলত জীবনের বিশেষ কোনো সময়ের স্মৃতি ধরে রাখতে উপহারগুলো যত্ন করে রাখেন। অন্যদিকে, পুরুষেরা জিনিসগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ও ব্যবহারযোগ্য বলেই রেখে দেন।
২০০৩ সালে সাদ ও গিলের এক বিবর্তনীয় মনোবিজ্ঞানবিষয়ক গবেষণায় বলা হয়, উপহার দেওয়ার মাধ্যমে একজন মানুষ তার ভালোবাসা, প্রতিশ্রুতি ও আর্থিক সক্ষমতার প্রকাশ ঘটান। তাই প্রাক্তনের দেওয়া উপহার মনে করিয়ে দেয় যে, একসময় কেউ তার জন্য সময় ও প্রচেষ্টা ব্যয় করেছিলেন। এই আবেগীয় মূল্যবোধের কারণেই উপহারগুলো সহজে ফেলে দেওয়া কঠিন হয়।
বর্তমান সঙ্গীর দৃষ্টিভঙ্গি কেমন হয়?
যুক্তরাষ্ট্রের ৭৬ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর করা আরেকটি জরিপে দেখা গেছে, প্রাক্তনের সব উপহার নিয়ে নতুন সঙ্গীর আপত্তি একরকম নয়। প্রাক্তনের দেওয়া সাধারণ কোনো পোশাক (যেমন—সোয়েটার) নিয়ে নতুন সঙ্গীদের তেমন অস্বস্তি দেখা যায়নি। তবে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাক্তনের সঙ্গে তোলা ছবি সংরক্ষণের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।
উপহারটি কী উদ্দেশ্যে রাখা হয়েছে, সেটিও সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে:
- স্মৃতি হিসেবে রাখা: ৫৯ শতাংশ অংশগ্রহণকারী পুরোনো স্মৃতি ধরে রাখার বিষয়টিকে স্বাভাবিক মনে করেন, তবে ১৭ শতাংশ এতে অস্বস্তি বোধ করেন।
- ব্যবহারযোগ্যতা: উপহারটি দরকারি বলে রাখা হয়েছে—এমন যুক্তি ৫৪ শতাংশ মানুষ মেনে নেন।
- আবেগ বা টান: প্রাক্তনের প্রতি এখনো দুর্বলতা থাকার কারণে উপহার রাখা হলে ২৯ শতাংশ মানুষ প্রবল অস্বস্তিতে ভোগেন।
কেন তৈরি হয় ঈর্ষা ও অস্বস্তি?
বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুযায়ী, প্রিয় সম্পর্কে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর হুমকি অনুভব করলেই মানুষের মনে ঈর্ষার জন্ম হয়। গবেষণায় দেখা গেছে, বিচ্ছেদের পর তরুণ প্রাপ্তবয়স্কদের ৪৪ শতাংশ (কিছু গবেষণায় ৬০ শতাংশের বেশি) আবার প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ফলে প্রাক্তনের স্মৃতিচিহ্ন দেখলে বর্তমান সঙ্গীর মনে পুরোনো সম্পর্ক ফিরে আসার আশঙ্কা তৈরি হয়।
গবেষণায় আরও দেখা যায়, প্রাক্তনের উপহার নিয়ে পুরুষেরা তুলনামূলক বেশি অস্বস্তি বোধ করেন। পুরুষেরা সাধারণত তিক্ত বিচ্ছেদ হলে উপহার ফেলে দেন, তবে সম্পর্ক ভালোভাবে শেষ হলে তা রেখে দেন। অন্যদিকে, বিচ্ছেদ যেমনই হোক না কেন, নারীরা উপহারের আর্থিক ও আবেগগত মূল্যের কারণে তা সংরক্ষণ করেন।
মনোবিজ্ঞানীদের মতে, আলমারিতে থাকা প্রাক্তনের দেওয়া কোনো সাধারণ উপহার নিয়ে নতুন সঙ্গীর আপত্তি না-ও থাকতে পারে। তবে আসল বিষয় হলো প্রাক্তনের প্রতি এখনো কোনো অনুভূতি অবশিষ্ট আছে কি না। উপহারটি যদি কেবলই অতীতের একটি সাধারণ স্মৃতি বা প্রয়োজনীয় বস্তু হয় এবং প্রাক্তনের সঙ্গে কোনো অসমাপ্ত আবেগ জড়িয়ে না থাকে, তবে সেটি অনায়াসেই রাখা ও ব্যবহার করা যেতে পারে।
সূত্র: সাইকোলজি টুডে
