উচ্চ রক্তচাপের ওষুধ সকালে, নাকি রাতে খাওয়া ভালো?
সংগৃহীত ছবি
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। সকালে ওষুধ খেলে বেশি উপকার পাওয়া যায়, নাকি রাতে খেলে কমে হৃদ্রোগের ঝুঁকি—এ নিয়ে যুক্তরাজ্যে বড় পরিসরে একটি গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, সকালে কিংবা রাতে রক্তচাপের ওষুধ খাওয়ার কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হৃদ্রোগে মৃত্যুর ঝুঁকিতে উল্লেখযোগ্য পার্থক্য নেই।
২০২২ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত ‘টাইম’ ট্রায়ালে অংশ নেন উচ্চ রক্তচাপে আক্রান্ত ২১ হাজার ১০৪ জন। যুক্তরাজ্যে পরিচালিত এ গবেষণায় অংশগ্রহণকারীদের এক দলকে সকাল ৬টা থেকে ১০টার মধ্যে এবং অন্য দলকে রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে ওষুধ খেতে বলা হয়।
গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের পাঁচ বছরেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, রাতে ওষুধ খাওয়া দলের ৩৬২ জনের এবং সকালে ওষুধ খাওয়া দলের ৩৯০ জনের হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা হৃদ্রোগজনিত মৃত্যুর মতো গুরুতর ঘটনা ঘটে। দুই দলের ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম ম্যাকডোনাল্ডের নেতৃত্বে পরিচালিত এ গবেষণার ফলাফল অনুযায়ী, উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়ার সময় এমনভাবে নির্ধারণ করা যেতে পারে, যাতে তা রোগীর দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে মানানসই হয় এবং পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে সহায়তা করে।
তবে গবেষণার অর্থ এই নয় যে সব ধরনের ওষুধ যেকোনো সময় খাওয়া যাবে। কিছু ওষুধ খাবারের সঙ্গে, আবার কিছু খালি পেটে খেতে হয়। নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে চলাও জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন নিয়মিত ওষুধ খাওয়া উচিত। কোনো দিন ওষুধ খেতে ভুলে গেলে কিংবা ওষুধ খাওয়ার সময় পরিবর্তন করতে চাইলে চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নিতে হবে।
তথ্যসূত্র: ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন ও দ্য ল্যানসেট।
