আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই জীবনের সবচেয়ে কাছের মানুষ—নিজের সঙ্গীর অবদানকে অবহেলা করে ফেলি। অথচ সংসার, পরিবার, সন্তান লালনপালন—সবকিছুতেই স্ত্রী নীরবে, অক্লান্ত পরিশ্রম করে যান। সেই ভালোবাসা আর ত্যাগকে স্মরণ করার জন্যই পালিত হয় “স্ত্রীর প্রশংসা করার দিন”। আর দিনটি আজই।
প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে এ দিবস উদযাপিত হয়। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি পালিত হয়ে আসছে। এরপর থেকে ধীরে ধীরে এটি জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য দেশেও। তবে দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা যায় না। ডে’জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, মূলত স্ত্রীদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর জন্যই এই বিশেষ দিন উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে আপনার সঙ্গীকে একটি আংটি উপহার দিতে পারেন। ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে আংটি দেওয়ার রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। ইতিহাস বলছে, এই প্রথা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে। প্রেমের প্রতীক হিসেবে প্রথম আংটি উপহার দিয়েছিলেন রোমান কবি প্ল্যাটাস। কয়েক শতাব্দী পর, চতুর্থ শতকে এটি রূপ নেয় ঐতিহ্যে।
তবে শুধু আংটিই নয়, চাইলে সুন্দর একটি ফুলের তোড়া উপহার দিয়েও প্রকাশ করতে পারেন ভালোবাসা। আবার প্রিয় রেস্তোরাঁয় খেতে যাওয়া, সিনেমা দেখার টিকিট কেনা কিংবা একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়াও হতে পারে স্ত্রীকে প্রশংসা জানানোর সহজ উপায়। পারফিউম বা জুয়েলারিও তার মুখে হাসি ফোটাতে পারে।
এর বাইরে চাইলে এক টুকরো চিঠি লিখেও জানাতে পারেন আপনার কৃতজ্ঞতা। কয়েকটি আন্তরিক বাক্যই যথেষ্ট, স্ত্রীকে বোঝাতে যে তিনি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি।
