সিমপ্লেক্স করপোরেশনে ১৪ ক্যাটাগরিতে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা
দেশের শিল্প, উৎপাদন, প্রকৌশল ও বাণিজ্য খাতে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান সিমপ্লেক্স করপোরেশন লিমিটেড (Simplex Corporation Ltd.) দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ১৪টি ক্যাটাগরিতে মোট ১৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে টেন্ডার ও বিজনেস ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, প্রকল্প ব্যবস্থাপনা এবং ক্রিয়েটিভ ও ডিজিটাল মিডিয়া বিভাগে বিভিন্ন পদে যোগ্যতাসম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
ব্যবস্থাপনা থেকে প্রকৌশল—বিভিন্ন পদে নিয়োগ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টেন্ডার ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, টেন্ডার ডকুমেন্টেশন এক্সিকিউটিভ এবং টেন্ডার কো-অর্ডিনেটর নিয়োগ দেওয়া হবে।
পাশাপাশি টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিনিয়র মেকানিক্যাল/এইচভিএসি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং সোলার ও রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ও ডিজিটাল মিডিয়া কার্যক্রমকে আরও গতিশীল করতে দুজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেওয়া হবে।
আকর্ষণীয় বেতন ও পেশাগত অগ্রগতির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ ও দায়িত্ব অনুযায়ী প্রতিযোগিতামূলক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। জেনারেল ম্যানেজার পদে মাসিক মোট বেতন ১ লাখ ১০ হাজার টাকা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ৮৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া টেন্ডার ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য পদে মাসিক ৩০ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রাফিক ডিজাইনার পদে প্রত্যেকের জন্য মাসিক ৩৫ হাজার টাকা বেতন উল্লেখ রয়েছে।
তবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট পদের দায়িত্ব বিবেচনায় সব পদের বেতন আলোচনাসাপেক্ষ রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রকৌশল-সংশ্লিষ্ট পদের জন্য বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। উপযুক্ত পদের ক্ষেত্রে ডিপ্লোমাধারীরাও আবেদন করার সুযোগ পাবেন।
বিশেষ করে সরকারি ই-জিপি (e-GP), সরকারি-বেসরকারি ও করপোরেট দরপত্র ব্যবস্থাপনা, প্রকিউরমেন্ট, চুক্তি ব্যবস্থাপনা, বিওকিউ (BOQ), ব্যয় প্রাক্কলন, প্রকৌশল নকশা এবং প্রকল্প বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের গুরুত্ব দেওয়া হবে।
পদভেদে ৩ থেকে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পাশাপাশি কম্পিউটার পরিচালনা, মাইক্রোসফট অফিস এবং সংশ্লিষ্ট পেশাগত সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
গ্রাফিক ডিজাইনার পদের জন্য অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইনসহ প্রাসঙ্গিক ডিজাইন সফটওয়্যারে দক্ষতা এবং মানসম্মত কাজের পোর্টফোলিও প্রয়োজন।
বয়সসীমা ও চাকরির শর্ত
জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদের আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৪৫ বছর এবং অন্যান্য পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স গণনা করা হবে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী।
নির্বাচিত প্রার্থীদের প্রযোজ্য আইন অনুযায়ী ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চাকরি ও গোপনীয়তা-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
গ্রাফিক ডিজাইনার পদের আবেদনকারীদের অবশ্যই তাঁদের পূর্ববর্তী কাজের পোর্টফোলিও সংযুক্ত করতে হবে।
আবেদনের ই-মেইলের বিষয় হিসেবে Application for [Position Name] – Simplex Corporation Ltd. উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.simplexcorporationbd.com ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনপত্র যাচাই-বাছাই শেষে শুধু প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী মূল্যায়ন ও সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।
সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের এ নিয়োগ উদ্যোগ শিল্প, প্রকৌশল, সরকারি-বেসরকারি দরপত্র ব্যবস্থাপনা ও ব্যবসা উন্নয়ন খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

