প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ শনিবার। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের নিয়োগে মোট ১০ হাজার ২১৯টি পদে সহকারী শিক্ষক নেওয়া হবে।
রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে।
যোগ্যতা ও বয়সসীমা
সহকারী শিক্ষক পদটি জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডভুক্ত, যেখানে বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। আবেদনকারীর বয়স চলতি বছরের ৩০ নভেম্বর তারিখে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
যোগ্যতা হিসেবে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। চার মাত্রার স্কেলে অন্তত ২.২৫ এবং পাঁচ মাত্রার স্কেলে অন্তত ২.৮ সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া ও ফি পরিশোধের নিয়ম
আগ্রহী প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসারে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। ফর্ম সাবমিট করার পর ইউজার আইডিসহ একটি আনপেইড ড্রাফট কপি তৈরি হবে, যা প্রিন্ট করে যাচাই করতে হবে।
ফি পরিশোধের আগে আবেদনপত্রের তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল পাওয়া গেলে নতুন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। নির্ভুল আবেদন সম্পন্ন হলে ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ১০০ টাকা ফি, ১২ টাকা সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরিশোধ করতে হবে।
ফি জমা দেওয়ার পর আবেদনকারীর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এগুলো ব্যবহার করে ওয়েবসাইট থেকে ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করতে হবে। এই কপি নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে। কেবল ফি পরিশোধের পরই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে।
আবেদন সংক্রান্ত অন্যান্য শর্ত
বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটির মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে যে ঠিকানা আবেদনে উল্লেখ করা হবে, সেই উপজেলা বা শিক্ষা থানার জন্যই তার প্রার্থীতা বিবেচিত হবে।
কোনো ভুয়া, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ভুল তথ্য প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রার্থী যে এলাকার স্থায়ী বাসিন্দা, শুধুমাত্র সেই এলাকার শূন্য পদের জন্য বিবেচিত হবেন। ভুল জেলা বা উপজেলা উল্লেখ করলে প্রার্থীতা বাতিল হবে।
নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানার বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে এবং বদলি সেই সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মাদকাসক্ত বা ধূমপানের অভ্যাস আছে— এমন কেউ আবেদন করতে পারবেন না।
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
নতুন বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় চারটি বিষয় থাকবে— বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)। মোট ৯০ নম্বরের এই পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে ৪০ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন, যা হবে ১০ নম্বরের। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪৫ এবং মৌখিকে ৫। লিখিত পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯০ মিনিট, তবে মৌখিক পরীক্ষার সময় নির্দিষ্ট করা হয়নি।
