ভারতে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৪৪ জনের
ভয়ংকর বন্যায় কাঁপছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল। টানা বৃষ্টি আর নদীভাঙনে সাতটি রাজ্যে মারা গেছেন অন্তত ৪৪ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসাম, যেখানে প্রাণ গেছে ১৭ জনের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৪ জুন) জানিয়েছে, আসাম-সহ অরুণাচল, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মণিপুরে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। পানিতে ডুবে, ভূমিধস ও দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
প্রাণহানির বিস্তারিত চিত্র:
-
অরুণাচল প্রদেশ: ১২ জন
-
মেঘালয়: ৬ জন
-
মিজোরাম: ৫ জন (তাদের মধ্যে ৩ জন মিয়ানমার থেকে আসা শরণার্থী)
-
ত্রিপুরা: ২ জন
-
নাগাল্যান্ড ও মণিপুর: ১ জন করে
আসামে বিপদ যেন থামছেই না। রাজ্যের অন্তত ২১টি জেলা ডুবে আছে পানির নিচে, ক্ষতিগ্রস্ত ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। ব্রহ্মপুত্রসহ একাধিক নদী এখনো বিপদসীমার ওপরে।
অন্যদিকে, অরুণাচল প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। মিজোরামে গত ১০ দিনে ঘটেছে ৫০০টির বেশি ভূমিধস।
সিকিমেও পরিস্থিতি উদ্বেগজনক। ভারী বর্ষণে প্রায় ১৩০০ পর্যটক আটকা পড়েছেন। এদিকে, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কিছুটা উন্নতি হলেও বিপদ এখনো কাটেনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। দিয়েছেন কেন্দ্রীয় সহায়তার আশ্বাস।
