কলম্বিয়ার ‘ভুল সমবেদনা’ ঘিরে কূটনৈতিক ঝড়, ভারতের আপত্তিতে পিছু হটল বোগোতা
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারীর হামলায় নিহত হন ২৬ জন নিরীহ বেসামরিক মানুষ। ভারতের পাল্টা সামরিক অভিযানের পর পাকিস্তানের প্রতি ‘সমবেদনা’ জানিয়ে বিবৃতি দেয় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। আর এতেই জ্বলে ওঠে নয়াদিল্লি।
ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর জানালেন, দিল্লির কূটনৈতিক চাপে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান বদলেছে কলম্বিয়া। আপত্তিকর বিবৃতিটি সরিয়ে নিয়েছে তারা।
এই মুহূর্তে বোগোতায় ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন থারুর। সেখান থেকেই তিনি স্পষ্ট করে দেন, “সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরীহ নাগরিকদের তুলনা করাটাই ছিল আমাদের একমাত্র আপত্তি। কলম্বিয়া এখন সেই ভুল স্বীকার করে বিবৃতি প্রত্যাহার করেছে। এতে আমরা সন্তুষ্ট।”
ঘটনার পেছনে আছে ‘অপারেশন সিঁদুর’। ২২ এপ্রিলের হামলার পরই পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা চালায় ভারত। এরপরই কলম্বিয়ার বিবৃতি ঘিরে শুরু হয় কূটনৈতিক অস্বস্তি।
শুক্রবার থারুর বলেছিলেন, পাকিস্তানে প্রাণহানির ঘটনায় কলম্বিয়ার ‘গভীর সমবেদনা’ হতাশাজনক, কারণ সন্ত্রাসবাদের শিকারদের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি তারা।
কলম্বিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রোসা ইয়োলান্দা ভিয়াভিসেনসিও পরে ভারতীয় প্রতিনিধিদের জানান, “কাশ্মীর পরিস্থিতি ও বাস্তবতার বিস্তারিত তথ্য পেয়েই আমরা অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”
ভারতের পক্ষ থেকে শুধু কংগ্রেস নয়, বিজেপিও ছিল একমত। দলের তরুণ সংসদ সদস্য তেজস্বী সূর্য বলেন, “কলম্বিয়া আমাদের যুক্তিগুলো গুরুত্ব দিয়ে শুনেছে এবং সৌজন্য দেখিয়ে আগের বিবৃতি প্রত্যাহার করেছে।”
বোগোতার এক সংবাদ সম্মেলনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন থারুর। বলেন, যারা সন্ত্রাস চালায় তাদের সঙ্গে যারা প্রতিরক্ষা করে, তাদের কখনোই এক কাতারে রাখা যায় না।
কলম্বিয়ার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট সিজার গাভিরিয়ার সঙ্গেও সাক্ষাৎ করে ভারতীয় প্রতিনিধিদল। তিনি এক্স (সাবেক টুইটার)-এ ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার প্রতিশ্রুতি দেন।
