চার বছরের মধ্যে ইউরোপে হামলা চালাবে রাশিয়া
আগামী চার বছরের মধ্যে রাশিয়ার সম্ভাব্য হামলার ঝুঁকি এখন আর শুধু অনুমান নয়, বাস্তব আশঙ্কা—এমনই সতর্কবার্তা দিলেন জার্মান প্রতিরক্ষাপ্রধান জেনারেল কার্সটেন ব্রয়্যার। তাঁর মতে, ২০২৯ সালের আগেই বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্যদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো, আর তাই সময় থাকতে প্রতিরোধ গড়ে তুলতে হবে পশ্চিমা জোটকে।
বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেনারেল কার্সটেন জানান, রাশিয়া প্রতিবছর প্রায় দেড় হাজার যুদ্ধট্যাংক তৈরি করছে। এর অনেকগুলো সরাসরি ইউক্রেনে পাঠানো না হয়ে জমা রাখা হচ্ছে ভবিষ্যতের হামলার জন্য। তাঁর ভাষায়, “রাশিয়া এমনভাবে সেনাশক্তি গড়ে তুলছে, যা আগে কখনো দেখা যায়নি। এটাই আমার ৪০ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি।”
তিনি বলেন, ২০২৪ সালেই রাশিয়া তৈরি করেছে ৪০ লাখ ১৫২ মিমি আর্টিলারি শেল—যার বড় অংশ এখনো ব্যবহার হয়নি। অর্থাৎ যুদ্ধের জন্য ভয়াবহ মজুদ তৈরি করছে মস্কো।
এই সতর্কবার্তা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়ে—কারণ, কয়েক সপ্তাহ পর নেদারল্যান্ডসের দ্য হেগে বসছে ন্যাটোর উচ্চপর্যায়ের সম্মেলন, যেখানে বাজেটসহ সামরিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
যদিও হাঙ্গেরি ও স্লোভাকিয়া কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করছে, জেনারেল ব্রয়্যার আশ্বস্ত করেছেন—ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ন্যাটো এখনো ঐক্যবদ্ধ। তিনি এই কথা বলেন সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়।
রাশিয়ার এই গতি যদি অব্যাহত থাকে, তবে বাল্টিক সীমান্তে ন্যাটোর সদস্য দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা অপেক্ষা করছে—এমনই আভাস মিলেছে জার্মান জেনারেলের কণ্ঠে।
