‘ইস্কান্দার’ ঠেকাতে ব্যর্থ ইউক্রেন
রাশিয়ার ভয়ংকর ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র ঠেকানোর কোনও সামরিক সামর্থ্যই ইউক্রেনের নেই—এমনই দাবি করলো রুশ রাষ্ট্রায়ত্ত প্রযুক্তি প্রতিষ্ঠান রোস্তেক।
সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস-এ দেওয়া এক বিবৃতিতে রোস্তেক জানায়, “ইস্কান্দার হামলা প্রতিহত করার ক্ষমতা ইউক্রেনের নেই। এই ব্যালিস্টিক মিসাইল জটিল ও অপ্রত্যাশিত পথে ভীষণ গতিতে ছুটে যায়। এর ম্যানুভারিং-এর সময় যে ওভারলোড হয়, তা অধিকাংশ ন্যাটো নির্মিত আকাশ প্রতিরক্ষা মিসাইল সহ্যই করতে পারে না।”
রোস্তেক আরও জানায়, “শত্রু বাহিনী শুধু এই মিসাইলের গতি দেখতে পায় এবং জানে—তাদের ঘাঁটি ধ্বংস অনিবার্য।” রুশ সেনার ব্যবহৃত ৯কে৭২০ ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মূলত বহুমুখী হামলার জন্য তৈরি। এর মাধ্যমে একযোগে রকেট সিস্টেম, বিমানঘাঁটি, হেলিকপ্টার, কমান্ড পোস্ট ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা যায়।
প্রতি ব্রিগেডে থাকে ৫০টিরও বেশি সরঞ্জাম, যার মধ্যে লঞ্চার, ট্রান্সপোর্টার, কমান্ড ভেহিকল ও মেইন্টেনেন্স ইউনিট রয়েছে। এই ক্ষেপণাস্ত্র ৫০০ কিমি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ‘ইস্কান্দার’ শুধু গতির জন্য নয়, বরং এর গতিপথ ও ম্যানুভার ক্ষমতা একে প্রায় অদৃশ্য করে তোলে ইউক্রেনের রাডারের কাছে। ফলে এই মিসাইলকে ধ্বংস করা দূরের কথা—তার অবস্থান শনাক্ত করাই কঠিন হয়ে পড়ে।
রোস্তেকের ভাষ্য ইউক্রেনীয় বাহিনী ও পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে একটা কড়া বার্তা—রুশ অস্ত্র এখনো বিশ্বে ত্রাস ছড়াতে সক্ষম, বিশেষ করে যুদ্ধে যখন আকাশ প্রতিরক্ষা ভেদ করাটাই বড় চ্যালেঞ্জ।
