পুরো ইউক্রেনই হবে বাফার জোন- মেদভেদেভ
ইউক্রেনকে যদি পশ্চিমা দুনিয়া সামরিক সহায়তা দিতে থাকে, তাহলে প্রায় পুরো ইউক্রেনই রাশিয়ার 'বাফার জোনে' পরিণত হবে—এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও পোস্ট করে মেদভেদেভ স্পষ্ট জানিয়ে দেন, “বান্দেরাবাদী কিয়েভ শাসন যদি অস্ত্র পেতে থাকে, তাহলে বাফার জোন দেখতে এমনই হবে।” ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের প্রায় পুরো ভূখণ্ডই সেই নিরাপত্তা অঞ্চলের আওতায়—শুধু পশ্চিমের এক ক্ষুদ্র অংশ ছাড়া।
এর আগেই, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন, রাশিয়া-ইউক্রেন সীমান্তে নিরাপত্তা বাফার জোন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুতিন আরও জানান, গত বছর চীন সফরের সময় তিনি বেলগোরোদ, ব্রিয়ান্স্ক ও কুরস্ক অঞ্চলে ইউক্রেন থেকে চালানো গোলাবর্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তখন থেকেই তিনি রুশ সীমান্ত সুরক্ষায় একটি 'স্যানিটারি জোন' গঠনের প্রয়োজনীয়তার কথা বলছিলেন।
মেদভেদেভের বার্তা এবং পুতিনের সিদ্ধান্ত—দুই মিলিয়ে এখন স্পষ্ট যে রাশিয়া সীমান্ত নিরাপত্তার নামে ইউক্রেনের বিস্তীর্ণ অংশ দখলে নেওয়ার পরিকল্পনায় অগ্রসর হচ্ছে। যদিও এখনো এটি হুমকির পর্যায়ে থাকলেও, কিয়েভের প্রতি পশ্চিমাদের সামরিক সহায়তা অব্যাহত থাকলে এই হুমকি বাস্তবে রূপ নিতে পারে—এমনটাই বার্তা দিচ্ছে ক্রেমলিন।
