অল্পের জন্য জানে বাঁচলেন জেলেনস্কি
অল্পের জন্য রাশিয়ার মিসাইল হামলা থেকে বেঁচে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ইউক্রেনের ওডেসা নগরীতে ওই হামলা চালানো হয়। এসময় সেখানে ছিলেন জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। হামলার স্থান থেকে তারা মাত্র ৫০০ মিটার দূরে অর্থাৎ এক কিলোমিটারেরও কম দূরত্বে ছিলেন। জেলেনস্কি ও মিতসোতাকিস যখন বৈঠক করছেন ঠিক তখনই মিসাইলটি এসে আঘাত হানে সেখানে।
সিএনএন জানিয়েছে, ওই হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে হামলায় জেলেনস্কি ও মিতসোতাকিস কেউ আহত হননি। জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির জোরালো শব্দ তিনি শুনতে পেয়েছেন। তিনি আরও বলেন, আজ আমরা হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন যে কারা এই হামলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না। কিন্তু আমি এটা জানি বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন। আমাদের দ্রুততার সঙ্গে নিজেদের রক্ষা করতে হবে। আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের মিত্রদের উচিত, আমাদের প্রতি আরও বেশি মনোযোগ দেয়া।
অপরদিকে গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন আমাদের গাড়িতে উঠছিলাম তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। আমি মনে করি, এখানে যে সত্যিকার যুদ্ধ চলছে, তার আর প্রমাণের প্রয়োজন নেই। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার আগে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ওডেসা শহরটি ঘুরিয়ে দেখিয়েছেন। রাশিয়ার হামলায় ওডেসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
