নাইজেরিয়ায় অর্ধশত নারীকে অপহরণ করলো আইএস
উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্ণ অঞ্চল থেকে অন্তত ৪৭ নারীকে অপহরণ করেছে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি এখনও দায় স্বীকার না করলেও অভিযোগের তীর তাদের দিকেই। ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে বোকো হারাম এবং ইসলামিক স্টেট। নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগেই। কিন্তু পিছিয়ে পড়া ওই অঞ্চল থেকে খবর আসতে অনেক সময় লেগে যায়। ঘটনাটি বুধবার জানাজানি হয়। জানা গেছে, আইএস সদস্যরা ৫০ জন নারীকেই অপহরণ করেছিল। তবে তিনজন নারী পালাতে সক্ষম হয়েছেন। তাদের কাছ থেকেই বাকিদের এবং অপহরণকারীদের বিবরণ পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই এলাকা ক্যামেরুন এবং চাদের সীমান্ত। সেখানে নারীরা জঙ্গলের কাঠ নিতে এসেছিল। সে সময়েই তাদের ঘিরে ধরে সন্ত্রাসীরা। তারা এমনভাবে গুলি চালাতে শুরু করে যে নারীরা বাধ্য হয় চাদের দিকে হাঁটতে। সে সময়েই তিনজন নারী কোনোরকমে পালিয়ে বাঁচেন।
পালিয়ে আসা একজনের নাম ফালমাতা বুকার। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গুলি চালাতে চালাতে চালাতে আমাদের ঝোপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে। স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।
