নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৬ স্কুলশিক্ষার্থী
সংগৃহীত ছবি
চলতি নভেম্বর মাসের শুরু থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। একই সঙ্গে ভূখণ্ডজুড়ে তরুণদের ওপর হামলা বাড়ার পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটও তীব্র হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। গাজা উপত্যকায় শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত সহিংসতারই প্রতিফলন এসব হামলা। নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন নিহত হওয়ার পর এ বিবৃতি দেয় মন্ত্রণালয়। নিহত দুই বোন হলো ১৫ বছর বয়সী ইউসরা ও ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-ওউফ।
ইউসরা কাফর কাসেম স্কুলের শিক্ষার্থী ছিল। তার বোন জানা পড়ত আল-মানার বেসরকারি স্কুলে। মন্ত্রণালয় জানায়, ওই হামলায় দুই বোনের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ ও মা নুরা এজত আবু আল-ওউফও নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহত বাবা গাজার উত্তরাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।
চলতি বছরের শুরুতে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছিল, গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।
গত ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার বির ১৯ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে পরে মারা যায় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ। সে মুসকাট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়ার।
মোহাম্মদের বাবা চিকিৎসক নিদাল মোহাম্মদ বারবাখ জানান, সেদিন দুপুরের খাবার খেয়ে বেলা দেড়টার দিকে প্রশিক্ষণে অংশ নিতে স্পোর্টস একাডেমিতে যায় তাঁর ছেলে। এ সময় কাছের একটি পাহাড়ে ইসরায়েলি ট্যাংক এগিয়ে এসে অবস্থান নেয়। পরে মাঠের দিকে দুটি গোলা ছোড়া হয়। এর একটি ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে আঘাত করে এবং গলা দিয়ে বেরিয়ে যায়।
ছেলের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘সে প্রতিভাবান ছিল এবং পড়াশোনায়ও খুব ভালো ছিল। মাত্র ১৫ বছর বয়সে আল-মাওয়াসির একটি খেলার মাঠে তাকে হত্যা করা হয়েছে। অথচ ওই এলাকাকেই নিরাপদ মনে করে মানুষকে সেখানে যেতে বলা হয়েছিল। যা ঘটেছে, তার দায় আমি ইসরায়েলি সেনাবাহিনীর ওপর থেকেই সরাচ্ছি না। তারা আমাদের প্রতিটি স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে হত্যা করছে, বাস্তব হওয়ার আগেই আমাদের শিশুদের স্বপ্ন কবর দিচ্ছে।’
গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে তিনজন নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন এক বাবা, তাঁর ১২ বছর বয়সী ছেলে আহমেদ আবু দাহের এবং এক নারী।
আহমেদের মা ওয়ালা আবু দাহের জানান, তাঁর ছেলে দাদার মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। আহমেদের দাদা সালেহ ছিলেন আরবি ভাষার শিক্ষক।
ওয়ালা বলেন, সেদিন তাঁর স্বামী দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের আল-কাস্তাল এলাকায় একটি শোকসভায় যাচ্ছিলেন। আহমেদও বাবার সঙ্গে যাওয়ার অনুমতি চায়। শোকসভায় অবস্থানকালে তাঁরা ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হন।
তিনি বলেন, ‘আহমেদ সাহায্যের জন্য শোকসভায় উপস্থিত লোকজনের কাছে দৌড়ে যায়। এরপর দ্বিতীয় গোলাটি ছোড়া হলে সে বাবার দিকে ফিরে যায়। গোলার স্প্লিন্টার তার পা, পেট ও মাথায় আঘাত করে। তাদের হারানোর কষ্ট কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার মনে হয়, সেদিনই আমার জীবন থেমে গেছে।’
গাজায় ইসরায়েলের যুদ্ধে স্কুলে পড়ার বয়সী হাজারো শিশু এবং শিক্ষা খাতের শত শত কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া হাজারো শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।
বৃহস্পতিবারও গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী রয়েছেন। ভূখণ্ডটিতে যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
কয়েক দিন আগে গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর ইসরায়েলি হামলা ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের অংশ।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবনে বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণ প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুল ভবনে সরাসরি হামলা চালানো হয়েছে।
এদিকে গাজার তরুণ ফিলিস্তিনিরা চতুর্থবারের মতো শীতকাল পার করতে যাচ্ছেন অতিরিক্ত মানুষের ভিড়ে ঠাসা তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। মৌলিক সেবার সুযোগ সীমিত হয়ে পড়ায় মানবিক ও জনস্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে।
শিশু ও তরুণেরা মেনিনজাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে রয়েছে। সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোগটি নিয়ে মহামারি সতর্কতা জারি করেছে। অক্টোবরে নতুন করে ২৭০টির বেশি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত মানুষের ভিড় এবং পয়োনিষ্কাশনের বর্জ্যে পানীয় জল দূষিত হওয়ার কারণে সংক্রমণ বাড়ছে। শীতকালীন বন্যা ও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলের যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত শিশুদের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর ঘটনা সম্পর্কে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তারা বলেছে, আহমেদের মৃত্যুর দিন তাদের অভিযানে ‘১০ সন্ত্রাসী’ নিহত হয়। হামলার আগে বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে বাহিনীটি।
