সরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করলেন থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ু রাজ্যের সরকারি চাকরিজীবীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নতুন এই সিদ্ধান্তের ফলে বিবাহিত পুরুষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, সরকারি চাকরিজীবী পুরুষরা সন্তানের জন্মের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মগ্রহণের পর প্রথম ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নিতে পারবেন।
তামিলনাড়ুর নারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তবে পুরুষ কর্মীদের জন্য এতদিন এ ধরনের কোনো ছুটির বিধান ছিল না। দীর্ঘদিন ধরে পুরুষ কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় আসার পরপরই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়।
রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নারীরা মাতৃত্বকালীন ছুটি নিয়ে নবজাতক ও শিশু সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এখন থেকে বাবারাও পিতৃত্বকালীন ছুটি নিয়ে সন্তান লালন-পালনে একইভাবে ভূমিকা রাখতে পারবেন।
সূত্র: দ্য হিন্দু
