নতুন বছরে সিকিম ভ্রমণে বাড়ছে খরচ
নতুন বছর থেকে ভারতের সিকিম ভ্রমণে পর্যটকদের বাড়তি অর্থ গুনতে হবে। রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ও জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় এবং যানবাহনের চাপ সামলাতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন প্রবেশমূল্য (এন্ট্রি ফি) চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও যান চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রে পর্যটকবাহী যানবাহনকে এই নির্ধারিত ফি দিতে হবে।
নতুন নিয়মের আওতায় গ্যাংটক ও পাকিয়ং বিভাগের নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক এবং লিংতাম এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া মঙ্গন বিভাগের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলোতেও এই প্রবেশমূল্য কার্যকর হবে।
নির্দেশনা অনুযায়ী, গাড়ির আসনসংখ্যা ও ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে:
৫ আসনের গাড়ি (১,০০০ সিসির বেশি): গ্যাংটক ও পাকিয়ংয়ে ১ হাজার ৫০০ রুপি এবং মঙ্গনে ১ হাজার ২০০ রুপি।
৬ থেকে ১০ আসনের গাড়ি: গ্যাংটক ও পাকিয়ংয়ে ২ হাজার ৫০০ রুপি এবং মঙ্গনে ১ হাজার ৫০০ রুপি।
১১ থেকে ১৫ আসনের গাড়ি: গ্যাংটক ও পাকিয়ংয়ে ৪ হাজার ৫০০ রুপি এবং মঙ্গনে ২ হাজার ৫০০ রুপি।
বাস: আসনসংখ্যা অনুযায়ী ৩ হাজার ৫০০ রুপি থেকে সর্বোচ্চ ১০ হাজার রুপি পর্যন্ত।
ব্যক্তিগত মোটরসাইকেল: প্রবেশমূল্য ৭৫০ রুপি এবং সহযাত্রীর জন্য অতিরিক্ত ৩৫০ রুপি।
তবে সিকিমের নির্দিষ্ট পরিচয়পত্রধারী স্থানীয় বাসিন্দা, কর্তব্যরত সরকারি কর্মকর্তা এবং সেনাসদস্যদের এই ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে যাতায়াতকারী পর্যটকদের অনলাইন পারমিট সংগ্রহ করতে হবে, তবে এর জন্য কোনো পারমিট ফি বা সার্ভিস চার্জ লাগবে না। অন্যদিকে, ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধিত মালিকের নামে পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের এই নতুন সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, বাড়তি প্রবেশমূল্যের কারণে ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়ায় পর্যটকেরা সিকিমের বদলে দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের মতো বিকল্প গন্তব্যের দিকে ঝুঁকতে পারেন।
সিআইআইয়ের পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যাল জানান, এই বাড়তি ফিয়ের বোঝা শেষ পর্যন্ত পর্যটকদের ওপরই পড়বে, তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সিকিম সরকারকে চিঠি দেওয়া হবে। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও সাধারণ পর্যটকদের ভ্রমণ বাজেটের কথা বিবেচনা করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
তবে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী মনে করেন, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
