বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬টি বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে ‘অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার’ অভিযোগে পরিচালিত তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
এই তদন্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় এই নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে যাচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে আরোপিত শুল্কের সঙ্গে এই নতুন শুল্ক যুক্ত হবে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এই তদন্ত চালাচ্ছে ইউএসটিআর।
তদন্তের তালিকায় রয়েছে যেসব দেশ
যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্য অংশীদার হলো— বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
দেশভেদে শুল্কের হার যেমন হতে পারে
সংশ্লিষ্ট সূত্রমতে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে শুল্ক আরোপের সম্ভাবনা কম। এছাড়া অংশীদার দেশগুলোর সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তির সর্বোচ্চ সীমা মেনে চলবে হোয়াইট হাউস। সে অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্কের সর্বোচ্চ হার ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ থাকতে পারে।
চীনের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত ২০ শতাংশ সর্বোচ্চ শুল্কসীমা বজায় রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না হলে চীনের পণ্যে শুল্কের হার আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার রায়ান মেজেরাস মনে করেন, যেসব দেশের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে প্রতীয়মান হবে, সেসব দেশের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। এর সঙ্গে জোরপূর্বক শ্রমবিরোধী আইন কার্যকরের বিষয়ে ৫৯টি দেশ ও ইইউ-এর বিরুদ্ধে চলা আরেকটি তদন্তের আওতায় থাকা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হতে পারে। তবে দেশগুলো উৎপাদন সক্ষমতা না কমালে সময়ের সঙ্গে শুল্ক বাড়ানোর শর্ত রেখে শুরুতে কম হারে শুল্ক আরোপের বিকল্প প্রস্তাবও দিতে পারে প্রশাসন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত কিছু শুল্ক বাতিল করে দিয়েছিলেন। শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বাড়ায় সম্প্রতি রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, দেশটির ৬২ শতাংশ মানুষ শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেন।
সূত্র: রয়টার্স
