সোনা কেনায় এগিয়ে নারীরা, পুরুষদের পছন্দ কি?
সংযুক্ত আরব আমিরাতে সোনায় বিনিয়োগের ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন নারীরা।
দেশটির ৭৬ শতাংশ নারীর কাছেই কোনো না কোনোভাবে সোনা সংরক্ষিত রয়েছে, যেখানে পুরুষের হার ৫৮ শতাংশ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দেশটির দুই হাজার বিনিয়োগকারীর ওপর জরিপ চালিয়ে ‘গোল্ড ইনভেস্টমেন্ট ইন দ্য ইউএই’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা গেছে, আমিরাতের মোট বিনিয়োগকারীদের ৬৩ শতাংশের কাছেই সোনা রয়েছে এবং বিনিয়োগের মাধ্যম হিসেবে সেখানে সোনাই সবচেয়ে বেশি জনপ্রিয়।
সোনা কেন নারীদের পছন্দের শীর্ষে?
গহনা হিসেবে সোনা কেনার ক্ষেত্রে নারী ও পুরুষের ব্যবধান সবচেয়ে বেশি স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ৪৩ শতাংশ নারীর কাছে সোনার গহনা রয়েছে, বিপরীতে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ২০ শতাংশ। শুধু গহনাই নয়, সোনার বার এবং কয়েন জমানোর ক্ষেত্রেও নারীরা এগিয়ে—৩০ শতাংশ নারী বার ও কয়েনে বিনিয়োগ করেছেন, যেখানে পুরুষের হার ২২ শতাংশ।
জরিপে এর সরাসরি কোনো কারণ উল্লেখ না থাকলেও বিশ্লেষকদের মতে, সাংস্কৃতিক ঐতিহ্য, দৃশ্যমান সম্পদের প্রতি আগ্রহ এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবেই নারীরা সোনাকে সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নেন।
ডিজিটাল ও আর্থিক খাতে পুরুষদের দাপট
নারীরা সরাসরি সোনা সংগ্রহে এগিয়ে থাকলেও আধুনিক ডিজিটাল ও আর্থিক খাতের বিনিয়োগে পুরুষেরা বেশি সক্রিয়। জরিপ অনুযায়ী:
ক্রিপ্টোকারেন্সি: ৩৯ শতাংশ পুরুষ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছেন, যেখানে নারীর হার মাত্র ১৮ শতাংশ।
শেয়ারবাজার ও রিয়েল এস্টেট ট্রাস্ট: ২৫ শতাংশ পুরুষ এই খাতে বিনিয়োগ করেছেন, বিপরীতে নারীদের অংশগ্রহণ ১৯ শতাংশ।
ডিজিটাল গোল্ড ও ইটিএফ: ডিজিটাল গোল্ডে ১৬ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারীর বিনিয়োগ রয়েছে। এছাড়া গোল্ড ইটিএফে বিনিয়োগ করেছেন ১১ শতাংশ পুরুষ এবং ৭ শতাংশ নারী।
তবে সরাসরি জমি বা আবাসন খাতে বিনিয়োগের হার নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান—উভয় শ্রেণির ২৬ শতাংশ মানুষের এই খাতে বিনিয়োগ আছে।
আর্থিক নিরাপত্তাই মূল লক্ষ্য
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন আমিরাতের বাসিন্দারা। গহনায় বিনিয়োগকারীদের ৩৯ শতাংশ এবং বার ও কয়েনে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ মনে করেন, সোনা তাদের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখে। মূলত অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা এবং জরুরি প্রয়োজনে সহজে নগদ অর্থ পাওয়ার নিশ্চয়তা থেকেই তারা সোনায় বিনিয়োগ করেন।
সূত্র: বিজনেস টুডে
