গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সেনা কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীর ব্যবহৃত বিমানে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে লন্ডনের এই পদক্ষেপকে দেশটির ওপর চাপ বাড়ানোর বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, গণহত্যার মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, কার্যকর পদক্ষেপের মাধ্যমেও তার প্রতিফলন ঘটাতে হবে।
নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ।
মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো চরম নৃশংস অপরাধের জবাবে যুক্তরাজ্যের প্রতিক্রিয়ায় দেশটির মূল্যবোধের প্রতিফলন থাকা জরুরি। এ জন্য স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চালানোর সময় মিন অং হ্লাইং দেশটির সেনাপ্রধান ছিলেন। ২০২১ সালেই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসেন তিনি।
মিলিব্যান্ডের ভাষ্য, ২০১৭ সালে সংঘটিত নৃশংসতার জন্য মিন অং হ্লাইং সরাসরি দায়ী। মিয়ানমারে চলমান নিপীড়ন বন্ধ, অপরাধীদের তদন্ত ও বিচার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।
মিয়ানমারে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বানও জানিয়েছেন তিনি। একই সঙ্গে বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। দেশটিতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ শুরুর ওপরও গুরুত্ব দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
বিমান জ্বালানিতে নিষেধাজ্ঞার উদ্যোগ
মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান অভিযানের সক্ষমতা কমাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির বিমানে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন মিলিব্যান্ড।
এর আগে আইসিজের রায়ের পর যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে লন্ডন। পাশাপাশি বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের ঘোষণা দিয়েছে দেশটি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহেই নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা হবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায়
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটে।
সম্প্রতি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগের বিষয়ে রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে গণহত্যার উদ্দেশ্যই ছিল একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আদালতের প্যানেল ৯-৬ ভোটে এই সিদ্ধান্ত দেয়। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক বিধান লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করা হয়।
আইসিজের রায়ের পর যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ কয়েকটি দেশও রায়কে স্বীকৃতি দেওয়ার অবস্থান জানিয়েছে।
রোহিঙ্গা গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে আন্তর্জাতিক চাপের মধ্যেই যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞা ও নতুন আইন প্রণয়নের উদ্যোগ মিয়ানমারের সামরিক নেতৃত্বের ওপর আরও চাপ তৈরি করতে পারে।
