বাংলাদেশি নাগরিক সন্দেহে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারতীয় প্রশাসন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে বাংলাদেশি নাগরিক সন্দেহে শনাক্ত হওয়া পাঁচ ব্যক্তির বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাসের অভিযোগে রোববার (২২ নভেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই পাঁচজন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিজেদের নাম-পরিচয় গোপন রেখে হিন্দু পরিচয়ে সেখানে বসবাস করছিলেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সরকারি খাসজমি দখল করে বসতবাড়ি নির্মাণেরও অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় গত ১৩ নভেম্বর রাতে। সেদিন দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় একটি কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে পরদিন (১৪ নভেম্বর) পাঁচজনকে আটক করে হিলি থানার পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের পরিচয় ও ভারতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তারা বাংলাদেশের নাগরিক বলে তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাদের স্থানীয় হোল্ডিং সেন্টারে (আটক কেন্দ্র) পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় সরকারি জমি দখলমুক্ত করার অংশ হিসেবে রোববার দুপুরে বুলডোজার চালিয়ে তাদের বসতঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান ঘিরে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধার করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
